চট্টগ্রামের ৪ ইটভাটার কর্মকর্তার সাজা
সনদ ছাড়া ইট ভাটা স্থাপনের দায়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চারটি ইটভাটার কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামপুর এলাকায় এসব ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর লঙ্ঘন করা হয়।
“সনদ ছাড়াই মাটি কেটে এবং কাঠ পুড়িয়ে এসব ভাটায় ইট প্রস্তুতের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।”
এর মধ্যে এম বি ব্রিক্স এর মো. ইলিয়াস, এস বি এম ব্রিক্সের সেলিম লিটন, এল আর বি ব্রিক্সের আব্দুল মান্নান বাবুল ও ডি এম বি ব্রিক্সের মাঈনুদ্দিনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
তারা এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে কাজ করেন। এছাড়া ডি এম বি ব্রিক্সের আরেক কর্মকর্তা ইউনুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
