জান্নাতির জামিন স্থগিত হয়নি
সড়ক দুর্ঘটনায় সহযাত্রী ব্যবসায়িক অংশীদারের মৃত্যুর পর গ্রেপ্তার জান্নাতি হোসেনের জামিন স্থগিত হয়নি।
সোমবার রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনে চেম্বার জজ বিচারপতি মো. ইমান আলী ‘নো অর্ডার’ দেন।
আদালতে জান্নাতির পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার, সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।
এরপরও জামিনের বিরুদ্ধে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদন করতে পারবে রাষ্ট্রপক্ষ।
হাই কোর্টের চার বেঞ্চ ঘোরার পর গত বৃহস্পতিবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ বৃহস্পতিবার জান্নাতিকে স্থায়ী জামিন দেয়।
এর আগে নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাই কোর্টে আসেন তার আইনজীবীরা। হাই কোর্টের দুই বেঞ্চ ওই আবেদনের শুনানি করে তাদের ফিরিয়ে দেয়।
পরে এক বেঞ্চ শুনানি করে রুল দিলেও এক বিচারক বিব্রতবোধ করেন। এরপর এই বেঞ্চে আসেন জান্নাতির আইনজীবীরা।
২০১৪ সালের ১১ জুলাই মধ্যরাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইটের দিকে যাওয়ার সময় শাহীনবাগ এলাকায় একটি প্রাইভেটকার পুলিশের একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়।
এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং নিহত হন এর আরোহী কে এম মোস্তামসির আশরাফ শুভ্র।
গাড়িটি তখন চালাচ্ছিলেন তারই বন্ধু ও ব্যবসায়িক অংশীদার অটোমোবাইল ম্যাগাজিন ‘টর্ক’ এর সম্পাদক জান্নাতি হোসেন।
দশ দিন পর নিহত শুভ্রর চাচা আবদুল হান্নান খান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জান্নাতির বাবা, মা ও দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আদালতের আদেশে দুই মামলা একীভূত করে একটি মামলা হিসাবে তদন্ত শুরু হয়। এর দায়িত্বে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস।
