২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

ঢাকার সাভারের একটি মহিলা কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 06:14 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সাভার মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, সোমবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আফতাব উদ্দিন সাভার থানা রোডের ‘মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজ’র অধ্যক্ষ। শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী একই কলেজে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে এক ছাত্রী বাইপাইল থেকে ওই কলেজে যাওয়ার উদ্দেশ্যে যাত্রীবাহী একটি বাসে ওঠেন। পথে অধ্যক্ষ আফতাব উদ্দিন ওই বাসে উঠে ছাত্রীর পাশের খালি সিটে বসেন।

কিছুক্ষণ পর বাসের মধ্যে সুযোগ বুঝে ওই ছাত্রীর গায়ে হাত দিলে ছাত্রীটি চিৎকার দিয়ে ওঠেন।

এ সময় বাসের অন্য যাত্রীরা সাভার বাজার বাসস্ট্যান্ডে অধ্যক্ষ আফতাব উদ্দিনকে নামিয়ে মারধর করে পুলিশে সোর্পদ করে।

পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।

ওই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল গণি ঘটনাটি শুনেছেন জানিয়ে বলেন, “সত্য হলে অবশ্যই অধ্যক্ষ আফতাব উদ্দিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”