২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি খোলার দাবিতে স্মারকলিপি প্রদানে পুলিশের বাধা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে উপচার্যকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 05:03 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীরা কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় ঝিনাইদহ সড়কের কাস্টম মোড়ে বাস থামিয়ে তাদের নামিয়ে দেয় পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ সময় সেখানেই মানববন্ধন ও অবস্থান করে।

তারা জানান, বিনা উসকানিতে সুশৃংখল ও শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদানে পরিকল্পিতভাবে পুলিশ বাধা দিয়েছে।

আগামী ১৮মার্চ ক্যাম্পাস খুলে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ঘোষিত অনির্দিষ্টকালে অনশন কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করতে যাচ্ছিল বলেও জানান তারা।

এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, আইনশৃংখলার অবনতি ঘটতে পারে এমন আশংকায় তাদের ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লোকমান হাকিম বলেন, শিক্ষার্থীদের দাবি একেবারেই ন্যায়সংগত। তবে কী কারণে পুলিশ তাদের বাধা দিয়েছে সে বিষয়টি আইনশৃংখলা বাহিনীর নিজস্ব ব্যাপার।