২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে নতুন সচিব, ভারপ্রাপ্ত সচিব হলেন ২ জন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

এছাড়া দুই জন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মেজবাহ উল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ কামালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

এছাড়া জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরিক্ষিৎ দত্ত চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন গত ১৪ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। তার জায়গায় নিয়োগ পেলেন মেছবাহ উল আলম|

মেছবাহ উল আলম এর আগে পরিবেশ ও বন মন্ত্রাণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে ওই মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পান।

১৯৮২ নিয়মিত ব্যাচের কর্মকর্তা মেজবাহ-উল আলমের বাড়ি ময়মনসিংহ জেলায়। ২০১৭ সালের ১ জুন তিনি পিআরএলে যাবেন।

ঔষধ প্রশাসনে নতুন মহাপরিচালক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে প্রেষণে কর্মরত মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানকে ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

আর ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর হোসেন মল্লিককে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।