বাগেরহাটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ফৌজদারী মামলায় অভিযুক্ত হওয়ায় বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মো. আরিফ জানান, বাবুলকে বরখাস্তের নির্দেশনা দিয়ে মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত একটি ফ্যাক্সবার্তা রোববার বিকালে তার কার্যালয়ে পৌঁছেছে।
ইউএনও আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চেয়ারম্যান রামপালের পেড়িখালী ইউনিয়নের বড় কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা ইয়াসমিনকে মারধর করেন।
ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তাই আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
খাদিজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ১৪ জুন বড় কাঁঠালী গ্রামে ভোটার তালিকা হাল নাগাদ করছিলেন তিনি। ওই সময় আব্দুল মজিদ নামে ভোটার পরিচয়পত্রধারী এক ব্যক্তি নতুন করে ভোটার হওয়ার আবেদন করেন।
কিন্তু ওটা আইন পরিপন্থী হওয়ায় তিনি তা করেননি।
বিষয়টি মজিদ চেয়ারম্যান বাবুলকে জানালে তিনি খাদিজার স্বামী মো. রবিউল আলম খোকনের দোকানে বসে অকথ্য ভাষায় গালাগাল দেন এবং খাদিজাকে মারধর করেন।
ওই ঘটনায় খাদিজার স্বামী বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা করেন।
গত বছরের ২৪ ডিসেম্বর বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মাহাতাব উদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
