২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুট্টাক্ষেতে কিশোরের গলাকাটা লাশ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে দুই দিন আগে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে অপহরণের পর মুক্তিপণ চাওয়া হয়েছিল বলে জানিয়েছে পরিবার।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 01:11 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সোমবার সকালে উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মিরাজ (১২) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইমলাম শাহিন জানান।

নিহত কিশোরের বাবা মোহর আলীর বরাত দিয়ে ওসি জানান, ওয়াজ শুনতে শনিবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি মিরাজ।

“সকালে চাষীরা মাঠে কাজ করতে গিয়ে তার লাশ দেখে থানায় খবর দেয়।”

ওসি বলেন, “মোহর আলী আমাদের জানিয়েছেন, ছেলে নিখোঁজ হওয়ার পর এক ব্যক্তি তাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। আমরা এই হত্যায় জড়িতদের সনাক্তের চেষ্টা করছি।”

মিরাজের লাশ পাওয়ার পর মোহর আলী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।