২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোসাইন জাকিরকে স্মরণ করলো ডিআরইউ

প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 11:01 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

রোববার সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআরইউ-এর পক্ষ থেকে  হোসাইন জাকিরের পরিবারকে এক লাখ টাকার চেক দেন এফএম ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজুর রহমান।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সভায় প্রয়াতের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও পরিবারের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিআরইউ’র স্থায়ী সদস্য ছিলেন হোসাইন জাকির। কর্মজীবনে সেরা প্রতিবেদনের জন্য এ সংগঠনে তিনবার পুরস্কৃত হন তিনি।

এফএম ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, সাংবাদিকরা কাজ করতে গিয়ে প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হন। অনেক সময় নিজের প্রাপ্য বেতন-ভাতাও পান না। অথচ তাদের লেখনির মাধ্যমে দেশের বঞ্চিত শ্রমিকরা অধিকার ফিরে পান। কিন্তু নিজেদের অধিকারের বিষয়ে লিখতে পারে না।

“এটা বড়ই কষ্টের। শুনলাম হোসাইন জাকিরও একটি সংবাদপত্র প্রতিষ্ঠানের কাছ থেকে নিজের প্রাপ্য অর্থ পায়নি। আশাকরি তার প্রাপ্য অর্থ সাংবাদিক সমাজ অদায়ের ব্যবস্থা করবেন।”

ডিআরইউ-এর সভাপতি বাদশা বলেন, “হোসাইন জাকির সদা হাস্যোজ্জ্বল ও অন্যায়ের বিরুদ্ধে অপোষহীন সাংবাদিক ছিলেন। তিনি শুধু ভালো মানুষই ছিলেন না, ভালো রিপোর্টারও ছিলেন। প্রয়াত এই সাংবাদিকের পরিবারের পাশে ডিআরইউ আছে এবং সবসময় থাকবে।”

হোসাইন জাকিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, “আশাকরি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন। পাশাপাশি দোয়া করবেন যাতে হোসাইন জাকির জান্নাতবাসী হন।”

ডিআরইউ-এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সংগঠনের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, ডিআরইউ-এর সাবেক  সভাপতি শাহেদ চৌধুরী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি ইসারোফ হোসেন ইসা, জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহনেওয়াজ, মোস্তফা চৌধুরী, নেসারুল হক খোকন, শেখ মামুনুর রশিদ, ফেরদৌস মোবারক, সোহেল হায়দার চৌধুরী, আব্দুল মান্নান, খান মোহাম্মদ সালেহ, রিয়াজ চৌধুরী ও শফিকুল ইসলাম প্রমুখ স্মরণ সভায় বক্তব্য রাখেন।

ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা হোসাইন জাকির ৪২ বছর বয়সে গত ২১ ফেব্রুয়ারি মারা যান।

দেড়যুগের পেশাগত জীবনে চট্টগ্রামের দৈনিক আজাদী, রাজধানীতে দৈনিক মানবজমিন, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক আজকের পত্রিকায় কাজ করেছেন তিনি।

পুরনো খবর:

সাংবাদিক হোসাইন জাকির নেই