২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ‘সিলিকোসিসে’ পাথর শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘সিলিকোসিস’ রোগে এক পাথর ক্রাশার শ্রমিকের মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

রোববার উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা দরিকামাত এলাকায় নিজ বাড়িতে আইনুল হকের (৪৫) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের প্রয়াত জমাইল্লাহ মিয়ার ছেলে।

লালমনিরহাটের সিভিল সার্জন এ কে এম মোস্তফা কামাল এটি নিশ্চিত করেছেন।

গত ৫ বছরে এ রোগে ৩০ জন সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে স্থানীয়রা দাবি করলেও সিভিল সার্জন তা নিশ্চিত করতে পারেননি।

আইনুল হকের পরিবার, এলাকাবাসী ও সহকর্মী শ্রমিকরা জানান, পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকায় মেসার্স সেন্টু মোজাইক ক্রাশার মিলের শ্রমিক ছিলেন আইনুল হক।

এ ধরনের মিলের পাথর ক্রাশিংয়ের সময়ে ধূলা-বালু শ্রমিকদের নাক-মুখে প্রবেশ করে। এ কারণে এসব কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে অনেকেই সিলিকোসিস রোগে আক্রান্ত হন।

এ রোগে গত ৫ বছরে আইনুল হকসহ অন্তত ৩০ জন শ্রমিক সিলিকোসিস রোগে মারা যান বলে দাবি করেন তারা। 

আইনুল হকের ছেলে মমিনুর রহমান জানান, এসব কারখানায় কাজ করলে সিলিকোসিস রোগ হয়।

পাথর ক্রাশার শ্রমিক মোমিন আলী বলেন, “জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সিলিকোসিস রোগে আক্রান্ত আইনুল হকের চিকিৎসা হয়েছিল। আমরা একই কারখানায় কাজ করেছি। আমিও সিলিকোসিস রোগের চিকিৎসা নিয়েছি ব্যক্ষব্যাধি হাসপাতালে।”

এ রোগে আক্রান্ত হলে কোনোভাবেই বেশি দিন বেঁচে থাকা যাচ্ছে না।

তিনি দাবি করেন, গত এক বছরে সিলিকোসিস রোগে ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর গত ৫ বছরে মারা যান ৩০ জন শ্রমিক।

বুড়িমারীতে পাথর ক্রাশার মিলের সংখ্যা অন্তত কুড়িটি। আর এসব মিলে ৫ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানান তিনি।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার দাস বলেন, সিলিকোসিস রোগে আক্রান্ত অনেক শ্রমিক এখনও অসুস্থ রয়েছে। জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ছাড়া এসব রোগীর চিকিৎসা পাটগ্রাম হাসপাতালে দেওয়া যাচ্ছে না।

“আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিচ্ছি,” বলেন তিনি।

লালমনিরহাটের সিভিল সার্জন এ কে এম মোস্তফা কামাল বলেন, পাথরভাঙা মিলে কাজ করা শ্রমিকদের পাথরের ধূলা-বালি শরীরের ভিতরে যায়। এ থেকেই সিলিকোসিস রোগে আক্রান্ত হয় শ্রমিকরা।

শ্রমিকরা মিলে কাজ করার সময় নাকে মুখে মাস্ক ব্যবহার করলে এ রোগ থেকে মুক্ত থাকা যায় বলে জানান তিনি।  

তবে, এ পর্যন্ত কয়জন এ রোগে মারা গেছেন তার সঠিক সংখ্যা তিনি বলতে পারেননি।