২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ উদ্দিনকে ‘খুঁজে পায়নি’ আইন-শৃঙ্খলা বাহিনী

পাঁচ দিন ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের কোনো ‘সন্ধান পাওয়া যায়নি’ বলে আদালতকে জানাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 12:27 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ রোববার সকালে সুপ্রিম কোর্টে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এসবি, সিআইডি, র‌্যাব, ডিএমপি ও পুলিশ হেড কোয়ার্টার থেকে পাঁচটি রিপোর্ট পেয়েছি। সবাই জানিয়েছে তারা সালাহ উদ্দিনের কোনো সন্ধান এখনও পায়নি।”

পরিবারের অভিযোগ, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি স্বীকার করেনি।

এই প্রেক্ষাপটে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ স্বামীর খোঁজ চেয়ে হাই কোর্টে গেলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ গত বৃহস্পতিবার একটি রুল জারি করে।

সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তা রোববারের মধ্যে জানাতে বলা হয়।

সে অনুযায়ী বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে এই প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের দপ্তরে জমা দেওয়া হয়।

বশির উল্লাহ বলেন, আদালত রুল জারির আগে থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী সালাহ উদ্দিনকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল।

“রুল জারির পর তিনি (সালাহ উদ্দিন) কোথায় আছেন তা জানার জন্য কার্যক্রম অব্যাহত আছে।”

রাজনৈতিক উত্তাপের মধ্যে গত জানুয়ারি মাসের শেষ দিক থেকে সালাহ উদ্দিনের নামেই গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা দেওয়া হচ্ছিল। তবে নিজের অবস্থান প্রকাশ করছিলেন না এই রাজনীতিক।

হাসিনা আহমেদের অভিযোগ, তিনি স্বামীর খোঁজ চেয়ে গুলশান থানা ও উত্তরা থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি।

এ বিষয়ে বশির উল্লাহ বলেন, “সালাহ উদ্দিনের স্ত্রীর জিডি কেন নেওয়া হয়নি সে বিষয়ে পুলিশ হেড কোয়ার্টারের প্রতিবেদনে জানানো হয়েছে। সেখানে তার (হাসিনা) কাছে যখন জানতে চাওয়া হয়, বাড়ির কত তলা থেকে নিয়ে গেছে এবং কে দেখেছে, তখন এসবের কোনো জবাব তার স্ত্রী তাৎক্ষণিকভাবে দিতে পারছিলেন না, ফোনে ফোনে জিজ্ঞেস করে জানিয়েছেন।”

এদিকে সালাহ উদ্দিনকে খুঁজে বের করে আদালতে হাজিরের বিষয়ে জারি করা রুলের শুনানি বেলা আড়াইটার দিকে হবে বলে জানিয়েছেন তার স্ত্রীর আইনজীবী এবি মোহাম্মদ আলী।

সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯১-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন।