ঢাকার নীলক্ষেতে হাতবোমায় আহত ২
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর নিউ মার্কেট এলাকায় হাতবোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় আহত এই দুজন তাজিয়া আফরিন (৩২) এবং আবু হানিফকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিউ মার্কেট থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আফরিন তার স্বামীর সাথে ছিলেন এবং আবু হানিফ তাদের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। এসময়ই একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।”
হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেন পুলিশ কর্মকর্তা।
আফরিনের ডান হাতে এবং আবু হানিফের পিঠে হাতবোমার স্প্লিন্টার বেঁধে।
দুই মাসের বেশি সময় ধরে চলা অবরোধের মধ্যে গত শুক্রবার বিকালে মোহাম্মদপুরে হাতবোমা বিস্ফোরণে এক রিকশাচালক গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
