ফেনীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
ফেনী সদর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক যুবলীগ নেতা আহত হয়েছেন।
গুলিবিদ্ধ আনোয়ার হোসেন (৩৮) সদর উপজেলার মোটবি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং ওই ইউনিয়নের লস্করহাট লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, শুক্রবার রাতে সদর উপজেলার আলোকদিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হন আনোয়ার।
ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামছুদ্দিন ইলিয়াস জানান, আনোয়ারের কোমরে ও চোখের কোনায় গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী জেলা নৌকার নতুন প্রজন্মের সহ-সভাপতি রেজাউল করিম পাটোয়ারী বলেন, শুক্রবার রাতে কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের একটি সভা শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন আনোয়ার। পথে আলোকদিয়া এলাকায় আলোকদিয়া-লস্করহাট সড়কে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাহবুব মোর্শেদ।
