২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা বন্ধ না হলে আলোচনা নয়: আশরাফ

অবরোধ-হরতালের নামে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা বন্ধ হলেই বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 01:40 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

টানা দুই মাসের বেশি অবরোধের পর শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে নতুন নির্বাচনের উদ্যোগের শর্ত দেওয়ার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

বিএনপি নেত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে  আসেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।

তিনি বলেন, “ পৃথিবীর কোনো রাষ্ট্র সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করেনি। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও তাই করব। জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা বন্ধ করলে, আর শান্তির পরিবেশ আসলে পরে আলোচনা হলেও হতে পারে।”

বিএনপি নেত্রী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ‘সন্ত্রাসী বাহিনী’ লেলিয়ে দিয়েছেন অভিযোগ করে আশরাফ বলেন, “আজকে যদি তার সন্ত্রাসী বাহিনীকে সন্ত্রাস থেকে মুক্ত করেন, মনুষ হত্যা বন্ধ করেন, তাহলে এই দেশে শান্তির পরিবশে আসবে। সেই শান্তির পরিবেশে আলোচনা সম্ভব।”

তবে নাশকতা অব্যাহত থাকলে কোনোভাবেই আলোচনা হবে না বলে খালেদা জিয়াকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, “মানুষ হত্যা করে, সরকারকে জিম্মি করে যদি নির্বাচন চান সেটা বাংলাদেশে কোনোদিনই হবে না। এখন সময় বাংলার মাটি থেকে এই সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার। একাত্তরে পাকিস্তানিরা ঠেকাইতে পারে নাই, খালেদা জিয়াও এখন পারবেন না।”

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ‘মিথ্যাচার’ করেছেন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সংবাদ সম্মেলনে তিনি  লাইন বাই লাইন মিথ্যাচার করেছেন। শান্তির ও গণতন্ত্রের পথে থাকলে খালেদা জিয়া এতোগুলো মানুষ পুড়িয়ে মারতেন না।”

গত ৫ জানুয়ারি বিএনপি নেত্রী সারাদেশে অবরোধ ডাকার পর গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণসহ নাশকতার বিভিন্ন ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

এ প্রসঙ্গ টেনে সৈয়দ আশরাফ বলেন, “জীবন নেওয়াই খালেদা জিয়ার হরতাল। মানুষ হত্যা করে পৃথিবীতে কোনো গণতান্ত্রিক আন্দোলন হয় নাই। খালেদা জিয়ার উদ্দেশ্য বাংলাদেশকে পোড়া মাটির দেশ করা।”

‘খালেদা জিয়ার হাতে দেশের মানুষ নিরাপদ নয়’ মন্তব্য করে তিনি বলেন, “ তিনি (খালেদা জিয়া) চান ক্ষমতা। তিনি শান্তির পথে, গণতন্ত্রের পথে থাকলে এতগুলো মানুষ পুড়িয়ে মারতেন না।”

হরতাল-অবরোধে বর্তমানে দেশে ‘শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন খালেদা জিয়া।

এর প্রতিক্রিয়ায় আশরাফ বলেন, “তিনি কেন গত নির্বাচনে অংশ নেন নাই? আইনে তো কোনো বাধা ছিল না। তিনি নিজেই  নির্বাচনে আসেন নাই, যার জন্য সমগ্র জাতিকে অবরুদ্ধ করেছেন।”

বিএনপি জোটের মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে তিনি বলেন, “আগামী নির্বাচন সময়মতোই হবে। যদি সেই নির্বাচনে তিনি না আসেন, তাহলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।”

বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে আলোচনায় বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা তুলে ধরে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে শান্তি আনা সম্ভব নয়। তাই সমগ্র বিশ্ব আজ ঐক্যবদ্ধ হয়েছে যে, কোনো সন্ত্রাসীর সঙ্গে আলোচনা চলবে না।

“এই হত্যাকারীদের সঙ্গে পৃথিবীর কোনো রাজনৈতিক দল, সরকার আলোচনা করতে পারে না। আমরাও এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করলে তাদের প্রশ্রয় দেওয়া হয়। একমাত্র পথ যুদ্ধ ঘোষণা করা।”

খালেদা জিয়াকে ‘শান্তির পথে ফিরে আসার’ আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি অবরোধ প্রত্যাহার করুন। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার পরিবেশ তৈরি করুন। আমরা জানি আপনার শক্তি কোথায়, কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। নির্দেশ আসছে কোত্থেকে, সেটাও জানি।

“আপনি আপনার কুৎসিত চেহারা আড়াল করতে পারবেন না। আপনার এ কুৎসিত চেহারার জন্যই আপনার পক্ষে কেউ নেই। রাজপথে আন্দোলনে কেউ আসে না। চোরাগুপ্তা হামলা পর্যন্তই আপনি সীমাবদ্ধ। আর এটাও আপনি চালিয়ে যেতে পারবেন না। এ হত্যা বন্ধ করুন।”

সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা আশরাফ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,  দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।