সাংসদ বাদলের বাড়িতে বোমার আসামি গ্রেপ্তার
সাংসদ মঈনুদ্দিন খান বাদলের বাড়িতে হাতবোমা হামলার ঘটনায় দায়ের মামলার এক আসামিকে চট্টগ্রামের বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে গ্রেপ্তার মো. রুবেল যুবদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছনদণ্ডী গ্রামের মহররম আলীর ছেলে।
গত ১৯ জানুয়ারি রাত আড়াইটার দিকে বোয়ালাখালী উপজেলার সারোয়াতলী এলাকায় জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদলের বাড়িতে দুটি হাতবোমা ছোড়া হয়।
একটি ককটেল দুই তলা বাড়ির দেয়ালে পড়ে বিস্ফোরিত হয়। অন্যটির বিস্ফোরণে জানালার কাঁচ ভেঙে যায়। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি মামলা করে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মামলায় রুবেল এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।”
