সীতাকুণ্ডে ট্রেনের চাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সাজেদুল ইসলাম (২৫) মিরসরাই উপজেলার আবু তোরাব গ্রামের বদরুদ্দোজার ছেলে। তিনি চট্টগ্রামের আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন বলে সীতাকুণ্ড থানার এসআই মোহাম্মদ সেলিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরীক্ষা থাকায় সাজেদুল তাড়াহুড়ো করে ভাটিয়ারীর ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। সে সময় পাশাপাশি দুই লাইন দিয়ে একইসঙ্গে দুটি ট্রেন দুই দিকে যাচ্ছিল।
“চট্টগ্রামমুখী ট্রেনটি অতিক্রমের পর দ্রুত এগোতে গিয়ে ঢাকামুখী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সাজেদুল।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাজেদুলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
