দৈনিক সংগ্রামকে সতর্ক করেছে ট্রাইব্যুনাল
বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করায় জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামকে আরও সতর্ক হতে বলেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যে দলটির অধিকাংশ শীর্ষ নেতা এই আদালতে দণ্ডিত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার সংবাদপত্রটির সম্পাদকসহ চারজনকে সতর্ক করে তাদের আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
সংগ্রাম সম্পাদক ছাড়া বাকি তিনজন হলেন- সংগ্রামের রংপুর প্রতিনিধি মো. নূরুজ্জামান, স্থানীয় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক দুলু ও সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গা।
নির্দেশ অনুযায়ী গতবছরের ২৬ অক্টোবর ট্রাইব্যুনালে জবাব দাখিল করেন অভিযুক্ত চারজন। তিনজনের আইনজীবী মশিউজ্জামান লিখিত জবাবে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চান। রাঙ্গা নিজেই তার লিখিত জবাব দাখিল করেন।
শুনানিতে সাবেক ছাত্রলীগ নেতা রাঙ্গা বলেন, তাকে উদ্ধৃত করে সংগ্রামের সংবাদে যে বক্তব্য প্রকাশিত হয়েছে, সে ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। সংগ্রামের কারও সঙ্গে কোনো কথাও হয়নি তার। এমনকি তিনি সংগ্রাম পত্রিকা পড়েনও না। পড়লে ওই সংবাদের প্রতিবাদ জানাতেন।
‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমান্ডারের নাম শুনিনি’ এবং ‘১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্রনেতা ছিলেন না’ শিরোনামে মুক্তিযোদ্ধা কমান্ডার দুলু এবং রাঙ্গার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল দৈনিক সংগ্রাম।
মামলার বিচার চলাকালে আজহারের আইনজীবীরা ওই প্রতিবেদন আজহারের পক্ষে নথি হিসেবে উপস্থাপন করতে গেলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে আদেশ দেয়।
আদেশে বলা হয়, বিচার চলাকালীন মামলা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা যায় না।
এর আগেও একই ধরনের সংবাদ প্রকাশ করে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে দৈনিক সংগ্রাম। আদালত অবমাননাকর সংবাদ প্রকাশে জরিমানাও দিতে হয়েছে পত্রিকাটিকে। সম্পাদককে দিনভর ট্রাইব্যুনালে দাঁড়িয়ে থাকার শাস্তিও পেতে হয়েছে।
