কক্সবাজারে রোববার হরতাল বিএনপির
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদের সন্ধান দেওয়া ও আদালতে হাজির করার দাবিতে রোববার কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদ সমাবেশও করে জেলা বিএনপি।
মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযাগ করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি স্বীকার করেনি।
সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আটক করেছে।
কিন্তু এখনও বিষয়টি আইন-শৃংখলা বাহিনীর কোনো পর্যায়ের কর্তাব্যক্তিরা স্বীকার না করায় বিএনপির নেতা-কর্মীরা তাকে গুম করা হয়েছে বলে আশংকা করছেন।
তারা তার সন্ধানদানপূর্বক আদালতে হাজির করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান কাজল, দলের জেলা সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, প্রচার সম্পাদক আকতার চৌধুরী, কক্সবাজার পৌর বিএনপি সভাপতি রফিকূল হুদা চৌধুরী প্রমুখ।
