২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী থানার দুই এএসআই প্রত্যাহার

চাঁদাবাজির অভিযোগ ওঠার পর গাজীপুরের টঙ্গী থানা থেকে পুলিশের দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 01:45 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

এরা হলেন- এএসআই সালাউদ্দিন ও এএসআই সফিউল আলম। তারা সাদা পোশাকে স্থানীয় এক মাদক বিক্রেতার বাড়িতে চাঁদা আনতে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বুধবার রাতে টঙ্গী থানা থেকে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই দুই এএসআই টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় আনোয়ার নামে এক মাদক বিক্রেতার বাড়িতে চাঁদা আনতে যান।

“এ সময় আনোয়ারের সহযোগীরা তাদের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

টঙ্গীর ওসি ইসমাইল মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, “কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাদা পোশাকে ঘটনাস্থলে যাওয়ায় এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।”