ঢাকা বিমানবন্দরে ৩৩টি কচ্ছপ জব্দ
ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩টি কচ্ছপ জব্দ করেছে আর্মড পুলিশ।
বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী কমিশনার তানজিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে বিমানবন্দরে মালয়েশিয়াগামী এক যাত্রীর ট্রলি থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
রাকিব নামে ওই যাত্রীর মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১১৩ ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল।
আর্মড পুলিশ সদস্যরা কচ্ছপগুলো পাওয়ার পর ওই উড়োজাহাজে গিয়ে রাকিবকে পাননি, যদিও এ সময় অন্য সব যাত্রী তাদের আসন নিয়েছিলেন।
কচ্ছপগুলো শুল্ক বিভাগের সহায়তায় প্রাণি সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে বলে জানান তানজিনা আক্তার।
