২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়কে অপহরণের ষড়যন্ত্রের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রে কর্মসূচি পালন করেছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 11:33 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ির সামনে মানববন্ধন এবং পালকি পার্টি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পালকি পার্টি সেন্টারে নিউ ইয়র্ক রাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, আওয়ামী লীগ নেতা আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, শাহীন আজমল, জাকারিয়া চৌধুরী, নুরুজ্জামান সর্দার, শফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিমন্ত্রী চুমকি বলেন, “হরতাল-অবরোধের নামে মানুষ হত্যাসহ নানা ধরনের নাশকতা চালিয়ে জনগণের আস্থা হারানো বিএনপি এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অপহরণ ও গুমের ষড়যন্ত্রে নেমেছে।”

জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় মানববন্ধনে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের এম এ বাতেন, পেশাজীবী সমন্বয় পরিষদের আশরাফুজ্জামান, আওয়ামী আইনজীবী পরিষদের মোর্শেদা জামান প্রমুখ।

বাংলাদেশের এক রাজনীতিকের বিষয়ে তথ্য পেতে এফবিআইয়ের এক সদস্যের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ডের রায়ের পর থেকে তা নিয়ে আলোচনা চলছে।

আওয়ামী লীগের দাবি, ওই রাজনীতিক হলেন জয় এবং তাকে অপহরণ করে হত্যার জন্য এই ষড়যন্ত্র চলছিল। 

এর প্রতিবাদে গত ৯ মার্চ এবং ১০ মার্চ নিউ ইয়র্কে তিনটি মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়। ৯ মার্চ মানববন্ধন করে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো।