২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচারের অভিযোগে রোহিঙ্গা গ্রেপ্তার

মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

পুলিশ বলছে, গ্রেপ্তার নূরুল ইসলাম ওরফে হামিদ করিম (৩২) বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে তাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করতেন।

হামিদ মিয়ানমারের নাগরিক হলেও যশোরের শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাঠি গ্রামের বাসিন্দা বলে মিথ্যা তথ্যে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত জানান, বুধবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামিদ পাঠানটুলি এলাকায় ফটিকছড়ি ভবনে ভাড়া থেকে মালয়েশিয়ায় লোক পাচারের পর তাদের পরিবারের কাছ থেকে টাকা নিতেন। নির্দিষ্ট একটি অংশ রেখে বাকি টাকা তিনি মূল দালালদের দিতেন।

“হামিদের কাছ থেকে বাংলাদেশি একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এছাড়া আইএফআইসি ও এবি ব্যাংকে একটি করে এবং ব্র্যাক ব্যাংকে তার দুইটি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে।”

জিজ্ঞাসাবাদে হামিদ জানিয়েছেন, ২০০৩ সালের জানুয়ারিতে মৌলভী শাহ আলম নামে এক ব্যক্তির মাধ্যম বাংলাদেশে এসে পাসপোর্ট নেন। ওই বছরের ডিসেম্বরে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া চলে যান এবং সেখানে ২০০৮ সাল পর্যন্ত অবস্থান করেন।

গোয়েন্দা কর্মকর্তা তানভীর বলেন, “এরপরও তিনি (হামিদ) মালয়েশিয়ায় আরও কয়েকবার আসা যাওয়া করেন। ভিসা সমস্যার কারণে ঢাকায় তার বিরুদ্ধে একটি মামলায় হামিদ সাজাপ্রাপ্ত হয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।”

জিজ্ঞাসাবাদে হামিদ মানবপাচার নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির নাম জানিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাকে আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে এনে অধিকতর জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।