২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর-আইলা: ‘বাঁধ সংস্কারের নির্দেশ কেন নয়’

দেশের দক্ষিণাঞ্চলের চার জেলায় ঘূর্নিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণ বা সংস্কারের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বুধবার এই রুল দেয়।

পাশাপাশি বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুরের ক্ষতিগ্রস্ত বাঁধগুলো পুনর্নির্মাণ বা সংস্কারে সরকারের ‘নিষ্ক্রিয়তা’ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানাতে বলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড, অর্থ সচিব, পরিকল্পনা সচিব, স্থানীয় সরকার সচিব ও ভূমি সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, প্রধান প্রকৌশলীসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।

ওই চার জেলায় বাঁধ-জরিপ পরিচালনা করতে স্থানীয় সরকার সচিব ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে আদালত।

ওই চার জেলার বাঁধ সংস্কারের প্রয়োজনীয়তা এবং কি পরিমাণ বাঁধ ক্ষতিগ্রস্ত রয়েছে তা নিরূপণ করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদনে দিতে বলা হয়েছে তাদের।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে আদালতের এই নির্দেশনা এল। 

রিটকারী সংগঠনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

২০০৭ সালের ১৫ নভেম্বর সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দুই সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে। ক্ষতিগ্রস্ত হয় এসব এলাকার বেড়িবাঁধসহ অসংখ্য স্থাপনা।

সেই আঘাত সামলে ওঠার আগেই ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাত আসে। ফলে ওই চার জেলার বাঁধ ও পোল্টারগুলো নতুন করে ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্তির্ণ এলাকায় লবণাক্ত পানি ছড়িয়ে পড়ে।

মনজিল মোরসেদ শুনানিতে বলেন, “দীর্ঘদিন এসব বাঁধ সংস্কার বা পুনর্নির্মাণ না করায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততার কারণে তাদের বেঁচে থাকার সব ব্যবস্থা ধ্বংস হয়েছে। বাঁধ সংস্কারের অভাবে তারা মারাত্মক হুমকির মুখে পড়েছে।”