২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ছিটমহলে চলছে জরিপ কার্যক্রম

বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১১১টি ছিটমহলের নানা সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় উন্নয়ন কাজের জন্য জরিপ কাজ শুরু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে এ জরিপ থেকে প্রাপ্ত তথ্য একটি প্রতিবেদন আকারে দুই দেশের সরকারের কাছে তুলে দেওয়া হবে।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলার সভাপতি মফিজার রহমান জানান এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল থেকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের গারাতি ছিটমহলের পূর্ব ও পশ্চিম শালবাগান, নানান পাড়া, হেজু পাড়া, ঝাকুয়া পাড়া ও ইয়ারপাড়াসহ বিভিন্ন স্থানে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, সেচ প্রকল্প, বিদ্যুৎ সংযোগ নেই তার তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মফিজার রহমান আরও জানান, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি নিজেদের উদ্যোগে মঙ্গলবার থেকে পঞ্চগড় ও নীলফামারীতে এ কার্যক্রম শুরু করেছে, যা পর্যায়ক্রমে ভারতীয় অন্যান্য ছিটমহলেও চলবে।

একই সঙ্গে নীলফামারীর চারটি ছিটমহলে শুরু হওয়া এই কার্যক্রম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই শেষ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরেই ছিটমহল বিনিময় চুক্তি চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।”

চুক্তির পর যাতে দুই দেশের সরকার নিজেদের প্রয়োজনীয় উন্নয়নের পদক্ষেপ নিতে পারে সে লক্ষ্যেই জরিপ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশে অবস্থিত ছিটমহলগুলো ভারতীয় ভূখণ্ড। তাই সেখানে ছিটমহলের বাসিন্দাদের উদ্যোগে কোনো কাজ করতে প্রশাসনের অনুমতি লাগে না। তারা তাদের সুবিধার জন্যই হয়তো এ কাজ করছে।