মুশফিকের বগুড়ায় আনন্দ
ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় আনন্দ মিছিল হয়েছে বগুড়ায়, যা কৃতি খেলোয়াড় মুশফিকুর রহিমের জন্মস্থান।
মঙ্গলবার সারা দেশের মতো বগুড়া শহরসহ উপজেলা, ইউনিয়ন ও গ্রামে সব শ্রেণি-পেশার মানুষ আনন্দে মেতে ওঠে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীনহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। এছাড়া বিভিন্ন স্থানে আতশবাজিও পোড়ানো হয়।
মিছিলে বগুড়ার ছেলে মুশফিকুর রহিমকে নিয়ে নানা শ্লোগান দেওয়া হয়।
মুশফিকুর রহিমের স্কুল মাটিডালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও আনন্দ মিছিল করেছেন।
এছাড়া শহরে আনন্দ মিছিল করেছে বগুড়া শহর যুবলীগ, জেলা ২০ দল, একঝাঁক তরুণ ক্রিকেটপ্রেমীর ব্যানারে একদল যুবক।
একঝাঁক তরুণ ক্রিকেটপ্রেমী বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করেছে।
শহরে সরেজমিনে দেখা যায়, মুশফিকুরের স্কুল বগুড়া শহরের মাটিডালি উচ্চ বিদ্যালয় থেকে আন্দন্দ শোভাযাত্রা বের করা হয়।
স্কুলের প্রধানশিক্ষক দুলাল হোসেনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, এছাড়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, ধুনট উপজেলায় কে ও বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা শহরের কলোনি, জলেশ্বরীতলা, উপশহর, ফুলবাড়ি, শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, চেলোপাড়াসহ বিভিন্ন স্থানে আনন্দে মেতে ওঠে মানুষ।
