লঞ্চের পন্টুনচাপায় মহিলা নিহত
চাঁদপুর টার্মিনালে লঞ্চে ওঠার সময় পন্টুনের চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এমভি রাসেল-৩ নামের যাত্রীবাহী লঞ্চে এ দুর্ঘটনায় মারা যান হামিদা বেগম (৩৫)।
চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, পন্টুনের চাপায় আহত হামিদা বেগমকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামিদা চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার ইব্রাহীম মিয়ার স্ত্রী। ঢাকায় যাওয়ার জন্য তিনি লঞ্চে উঠছিলেন বলে জানান এসআই মোশারফ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
