বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হন আরও তিন জন।
সোমবার উপজেলার কাশেমাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার মো. সালাউদ্দিন (৩০)। আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম চৌধুরী জানান, বিকালে বরিশাল থেকে কাওড়াকান্দিগামী মাইক্রোবাসের সঙ্গে বরিশালমুখী সাকুরা পরিবহনের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সালাউদ্দিন এবং গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মাহবুব।
