২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর জামায়াতের আমীর রিমান্ডে

চট্টগ্রামে হিউম্যান হলারে পেট্রোল বোমা হামলার মামলায় নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আহসান উল্লাহকে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 08:10 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউসন) কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

১৮ ফেব্রুয়ারি রাতে নগরীর টাইগার পাস এলাকায় একটি হিউম্যান হলারে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধ সমর্থকরা। এ ঘটনায় তিন জন দগ্ধসহ মোট আটজন আহত হয়।

এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে ‍একটি মামলা হয়।

পুলিশ কর্মকর্তা কাজী মুত্তাকি ইবনু মিনান বলেন, কোতোয়ালী থানায় ওই মামলায় জামায়াত নেতা আহসান উল্লাহকে রিমাণ্ডে চায় পুলিশ। 

ওই ঘটনায় দগ্ধদের মধ্যে নগরীর রিয়াজ উদ্দিন বাজারের মাগুরা আড়তের ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সোম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঢাকায় মারা যান।

বাকলিয়া থানায় একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আহসান উল্লাহকে রোববার ভোরে নগরীর হালিশহরের একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ওই মামলায় পলাতক থাকায় আদালতের নির্দেশে বাকলিয়ার রসুলবাগ খাল পাড় এলাকায় আহসান উল্লাহর বাসার মালামাল জব্দ করে পুলিশ।

২০১২ সালের ৯ নভেম্বর নগরীর ২ নম্বর গেইট এলাকায় পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় মামলাটি করা হয়।

জামায়াত নেতা আহসানউল্লাহ এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশের ওপর হামলা, ভাংচুর ও বিস্ফোরণের ঘটনায় করা আরও একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

আহসান উল্লাহ নগরীর ওমর গণি এমইএস কলেজে ইসলামের ইতিহাস বিভাগে অধ্যাপনা করতেন। কয়েক বছর আগে তিনি অবসর নেন।