২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জামায়াত নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সবুজকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 03:53 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে।  

তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, গত ১ মার্চ আক্কেলপুরে দুইটি যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় সবুজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত রয়েছেন বলে দাবি এসপি সিদ্দিকির।

তবে কারা কেন তাকে পিটিয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।

প্রত্যক্ষদশীর বরাত দিয়ে এসপি আরও জানান, জামায়াত নেতা সবুজ মোটরসাইকেলযোগে জয়পুরহাট থেকে আক্কেলপুর উপজেলা পরিষদে যাওয়ার পথে জেলা শহরের নতুনহাট এলাকায় ২০/২৫ জন লোক তার গতিরোধ করে পিটুনি দেয়।

পরে পুলিশ গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।