গাজীপুরের মেয়রের দায়িত্বে আসাদুর রহমান
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান কারাগারে থাকায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন কাউন্সিলর আসাদুর রহমান কিরণ।
রোববার দুপুরে মেয়রের কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ৪৩ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসে পেট্রোল বোমা হামলার মামলায় গত ১১ ফেব্রয়ারি মেয়র এমএ মান্নান গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়রের দ্বায়িত্ব পালনের বিধান থাকলেও প্যানেল মেয়র নির্বাচন নিয়ে আইনি জটিলতা থাকায় দায়িত্ব গ্রহণ করতে দেরি হয়।
তিনি বলেন, পরে উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ প্যানেল মেয়র-১ আসাদুর রহমান কিরণকে সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা দিয়ে গত ৫ মার্চ এক আদেশ জারি করে।
আনুষ্ঠানিক এই দায়িত্ব গ্রহণের সময় অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, সচিব আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
