২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর কাকরাইল ও সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে হাতবোমা ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব, গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 03:33 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাকিবুল ইসলাম মণ্ডল (২৫), আমিনুল ইসলাম রানা (৩০) ও রিয়াজুল ইসলাম রিয়াজ (২২)।

তাদের কাছে ৫৮টি হাতবোমা, একটি পাইপ বোমা, ৪৮টি পেট্রোল বোমা, আধা কেজি সালফার পাওয়া গেছে র‌্যাবের তথ্য।

রোববার র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ বলেন, “খুলনা থেকে বিস্ফোরক সংগ্রহ করছিল তারা। রাজধানীতে তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।”

গ্রেপ্তারকৃতরা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনের ‘নির্দেশে’ অবরোধ-হরতালের মধ্যে নাশকতা চালিয়ে আসছিল বলেও উল্লেখ করেন এই র‌্যাব কর্মকর্তা। 

“জিজ্ঞাসাবাদে তারা বলেছে, আনিসুর রহমান খোকনের নির্দেশে গুলশান, বাড্ডায়, মতিঝিল, কারওয়ান বাজার ও ধানমন্ডিতে তারা বিভিন্ন সময় হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগসহ নানা নাশকতা চালিয়েছে।”

মুফতি মাহমুদ বলেন, খোকন নিজের গাড়িতে বোমা বহন করতেন এবং রানা ও রিয়াজ সরাসরি নাশকতায় অংশ নিতেন।

“আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে রানা বাই-সাইকেলের পাইপের ভেতরে বিস্ফোরক ভরে কুরিয়ার সার্ভিসে সেই সাইকেল পাঠাতেন রাকিবের ঢাকার ঠিকানায়।”

আনিসুর রহমান খোকন পলাতক বলে র‌্যাব কর্মকর্তারা জানান। 

গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে প্রায়ই বোমাবাজি ও নাশকতার ঘটনা ঘটছে।  নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।