২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্ত-প্রান্তের লেখাপড়ার দায়িত্ব নিলেন পানিসম্পদ মন্ত্রী

অবরোধের পেট্রোল বোমায় নিহত চট্টগ্রামের হাটহাজারীর দিনমজুর রণজিত নাথের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 03:15 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

হাটহাজারী থেকে নির্বাচিত এই সংসদ সদস্য শনিবার বিকালে উপজেলার এনায়েতপুরে রণজিতের বাড়িতে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসাইন এ সময় তার সঙ্গে ছিলেন। 

মোয়াজ্জেম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রী রণজিতের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা এবং দুই সন্তানের পড়ার জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত বুধবার রাতে হাটাহাজারীর চারিয়ায় বড় বোনের বাড়ি থেকে এনায়েতপুরের কালীবাড়ি এলাকায় নিজের বাসায় ফেরার পথে পেট্রোল বোমায় দগ্ধ হন অটোরিকশাযাত্রী রণজিত।

গুরুতর অবস্থায় রণজিত ও অটোরিকশার চালক সাবের আহমেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রণজিত।

তার মেয়ে শান্ত নাথ (৯) তৃতীয় শ্রেণি ও ছেলে প্রান্ত নাথ (৬) প্রথম শ্রেণিতে পড়ে।

বৃহস্পতিবার গভীর রাতে রণজিত মারা যাওয়ার পর অর্থের অভাবে শুক্রবার দুপুরেও মরদেহ বাড়িতে নিতে পারছিলেন না স্বজনরা। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা অনুদান দিলে লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।

রণজিতের ভগ্নিপতি পবণ নাথ জানান, রণজিতের কোনো সঞ্চয় ছিল না। তার শুধু স্বপ্ন ছিল দুই সন্তানকে লেখাপড়া শেখানো।

“মন্ত্রী সাহেব এসে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি রোববার লোক মারফত টাকা পাঠাবেন বলে জানিয়েছেন। এই সহায়তাটুকু পেলে ছেলেমেয়ে দুটোর লেখাপড়া চলবে।”

পুরনো খবর:

পেট্রোল বোমা: শান্ত-প্রান্তরা পড়বে না?