লক্ষ্মীপুরে একজনকে হত্যা, ভাই-বোনসহ আটক ৩
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের ছোট ভাই, বোন ও এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসিম মিয়া জানান, নিহত আব্দুল আলীম দুলালের (৪৪) মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটকরা হলেন- নিহতের ছোট ভাই মোস্তাফিজ, বোন নাসরিন আক্তার এবং প্রতিবেশী আবুল হোসেন।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ কর্মকর্তা নাসিম জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে দুলালকে কে বা কারা ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। কিছুক্ষণ পর দুলালের ছেলে রাকিব হোসেন বাবার লাশ দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।
পরে মধ্যরাতে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
