মমতার সঙ্গে ‘ঝগড়ার’ খবরের প্রতিবাদ দীপু মনির
তিস্তা চুক্তি ঝুলে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝগড়ার যে খবর আনন্দবাজার ছাপিয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ‘মতামত বিশ্লেষণ’ পাতায় প্রকাশিত এক কলামে তিনি লিখেছেন, ওই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, যা আনন্দবাজারে জয়ন্ত ঘোষাল উল্লেখ করেছেন।
চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা ছিল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তখন তা আটকে যায়। তখন মমতারও ঢাকা সফরে আসার কথা ছিল, কিন্তু তিনি আসেননি।
ভারতে ক্ষমতার পালাবদলের পর মমতার সাম্প্রতিক ঢাকা সফরে তিস্তা চুক্তি নিয়ে নতুন করে আলোচনার মধ্যে জয়ন্ত ঘোষাল লেখেন, তখন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তর্কাতর্কির পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সফর বাতিল করেছিলেন।
মমতার ওই সফর বাতিলে নিজের কথিত ভূমিকার বিষয়ে দীপু মনি বলেন,“তিনি আমার আমন্ত্রণ গ্রহণ করে জবাবও দিয়েছিলেন। আসবার আগ্রহের কথাও জানিয়েছিলেন। কেন আসেননি তাও সবাই জানেন।”
২০১১ সালের ওই ঘটনা নিয়ে তখনও কলকাতার সংবাদপত্রে উদ্দেশ্যমূলক প্রচার হয়েছিল দাবি করে তিনি লিখেছেন, “আজ আবার দেখলাম জয়ন্ত ঘোষাল আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জির তিস্তা চুক্তি নিয়ে সাম্প্রতিক মত পরিবর্তন সম্পর্কে লিখতে গিয়ে পুরনো কাসুন্দির মতো আবারও সেই পুরনো ভিত্তিহীন বিষয়টি লিখেছেন।
“মমতা ব্যানার্জির সঙ্গে আমার কথিত ‘কথা কাটাকাটির’ কারণেই নাকি তিস্তা চুক্তি ‘বিশবাও জলে পড়ে গিয়েছিল’! এবার অবশ্য লেখা হয়েছে আমি যখন মমতা ব্যানার্জিকে ‘বোঝাতে গিয়েছি’, তখন এ ঘটনা ঘটে।
“আমি তাকে বোঝাতে যাইনি। অন্য অনুষ্ঠানে গিয়ে ফিরতি পথে একটি সৌজন্যমূলক বৈঠক হয়েছিল,” বলেছেন দীপু মনি।
