চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্রাকের ধাক্কায় শিশু নিহত
বন্দর নগরীর ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের হুজুর বাড়ি এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ময়লাবাহী একটি ট্রাকের ধাক্কায় এক শিশু মারা গেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রিয়া (৫) ওই এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিনের মেয়ে।
বন্দর থানার এসআই শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এরপর স্থানীয়রা চালকসহ গাড়িটিকে আটক করে। সিটি করপোরেশনের কর্মকর্তা বা স্থানীয় কাউন্সিলর কেউ দুপুর সোয়া ১টা পর্যন্ত ঘটনাস্থলে যাননি।
এসআই শাহীনুল ঘটনাস্থল থেকে বলেন, “গাড়িটির চালক গাড়ির ভেতরেই বসা আছে। স্থানীয়রা গাড়ি ঘিরে ও সড়ক বন্ধ করে বিক্ষোভ করছে। আমরা এখনও চালকের নাম জানতে পারিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি একটু দূরে আছি। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হুজুর বাড়ি মসজিদ সংলগ্ন সড়কটি সরু। সেখানে আগেও একাধিক ঘটনায় সিটি করপোরেশনের আর্বজনা বহনকারী গাড়িতে স্থানীয় কয়েকজন লোক আহত হয়েছেন।
শনিবার দুপুরে রিয়া মারা যাওয়ার পর স্থানীয়রা ওই সড়কে ময়লাবাহী গাড়ি চলাচল বন্ধের দাবি জানায়।
