ফরিদপুরে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
ফরিদপুরের সালথায় জমি নিয়ে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জবেদ আলী (৫০) ওই গ্রামের মৃত কোহেল উদ্দীনের ছেলে।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বলেন, জবেদ আলীর সঙ্গে চাচাতো ভাই জলিল শেখ ও খলিল শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জবেদের সঙ্গে খলিলের কথা কাটাকাটির একপর্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে গুরুতর আহত জবেদকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
