যুদ্ধাপরাধ মামলায় জামালপুরে গ্রেপ্তার ২
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় পরোয়ানা জারির পর জামালপুরে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির শামছুল হক (৭৭) ও সিংহজানী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম ইউসুফ আলী (৮৪)।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলায় সোমবার আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানায় শামছুল হক ও এসএম ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
