২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ফেনীতে দুই দাখিল পরীক্ষার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2015, 09:26 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

শুক্রবার দুপুরে শহরের সেন্ট্রাল হাই স্কুল এলাকায় তারা এ হামলার শিকার হন।

আহত মো. বোরহান উদ্দিন (১৬) সদর উপজেলার বাইশঘরিয়া গ্রামের নুরুল হকের ছেলে ও রায়হান আহম্মেদ (২০) একই গ্রামের করিমুল হকের ছেলে।

এদের মধ্যে আশংকাজনক অবস্থায় বোরহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত রায়হান আহম্মদ জানান, দুপুরে পরীক্ষা শেষে তারা শহরের সরকারি আলীয়া মাদ্রাসা কেন্দ্র থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে সেন্ট্রাল হাই স্কুল এলাকায় কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে এবং তাদের কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিক একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামছুদ্দিন ইলিয়াস জানান, আহত দুই ছাত্রের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এদের মধ্যে বোরহান উদ্দিনের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, লোকমুখে শুনেছেন মাদ্রাসার দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।