২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে ব্যবস্থা আইনগতভাবে: তোফায়েল

গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তা আইনগতভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2015, 01:17 AM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ইয়োয়ান ফ্রিসেলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের প্রশ্নে মন্ত্রী এই আহ্বান জানান।

সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

সবাইকেই আইন মেনে চলা উচিত মন্তব্য করে তোফায়েল বলেন, “উনি (খালেদা জিয়া) দীর্ঘ দিন থেকে আদালতে উপস্থিত হন নাই। একবার যাওয়ার পর পরের তারিখগুলোতে যাননি।”

বিচার বিভাগের ব্যাপারে মন্তব্য না করাই উচিত উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, “আমি মনে করি দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, উনার তা মোকাবেলা করা উচিত।

“আইন তার নিজস্ব গতিতে চলবে। যে ব্যবস্থা নেওয়া দরকার আইনগতভাবেই তা নেওয়া হবে।”

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারি জারি রাজনৈতিক হয়রানি কি না- এমন প্রশ্নে তোফায়েল বলেন, “আমাদের বিরুদ্ধেও তো মামলা দেওয়া হয়েছে। এখনও আমার নামে বিএনপি আমলের মামলা আছে, আমি তো মামলা ফেইস করি।”

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না দাবি করে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, বিএনপি আমাদের উপর অত্যাচার করেছে, আমরা সেটা করি না।

“উনি তো কোনকিছু কেয়ার করেন না। ইজতেমার সময় আবরোধ-হরতাল পালন করেছেন। এসএসসি পরীক্ষার সময় হরতাল দিয়েছে, একুশে ফেব্রুয়ারির দিনেও অবরোধ ছিল। আইনগতভাবে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপির চলমান অবরোধ-হরতাল কোন রাজনৈতিক কার্যকলাপের মধ্যে পড়ে না মন্তব্য করে তোফায়েল বলেন, তাই সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। আস্তে আস্তে সব স্বাভাবিক হচ্ছে। খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

তোফায়েল বলেন, সুইডেন রাষ্ট্রদূত জানিয়েছেন তার দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

“বাংলাদেশে থেকে কোন পণ্য নিতে অর্ডার দেওয়ার পর অবরোধ-হরতাল থাকলে সেইসব পণ্য পরিবহনে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় রাষ্ট্রদূত সে বিষয়ে কথা বলেছেন।”