২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন দুর্ঘটনা: ব্যবস্থা হয়নি জাহাজের বিরুদ্ধে

সুন্দরবনের শেলা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার-৭ এর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন তারা।

“সুন্দরবনের শেলা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ ওটি সাউদার্ন স্টার-৭ এর মালিক, নাবিক ও ক্রুদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। তেলের জাহাজ ডুবে যাওয়ার বিষয়ে তদন্ত চলছে।”

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এবং তাতে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

গত ৯ ডিসেম্বর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অভ্যন্তরের শেলা নদীতে একটি অয়েল ট্যাংকার ডুবে সাড়ে ৩ লাখ লিটার ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে।

এতে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হলেও তেমন ক্ষতি হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

শেলা নদীতে বাণিজ্যিক নৌচলাচল বন্ধে সংসদীয় কমিটিসহ বিশেষজ্ঞ দলের সুপারিশের মধ্যে সরকার মংলা বন্দর সচল রাখতে মংলা-ঘষিয়াখালী চ্যানেল নৌচলাচলের উপযোগী করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শাজাহান খান সংসদে জানান, বিআইডব্লিউটিএ-এর বেশি ভাগ ড্রেজার বর্তমানে মংলা-ঘষিয়াখালী চ্যানেলে জরুরি খনন কাজে ব্যস্ত আছে।

দুর্ঘটনার পর শেলা নদীতে নৌচলাচলে পরিবেশ মন্ত্রণালয়ের আপত্তি থাকলেও কার্যত নৌমন্ত্রণালয়ের চাপেই এক মাস পর রুটটি নৌচলাচলের জন্য খুলে দেওয়া হয়।  

এ বিষয়ে নৌমন্ত্রী বলেন, “এই নদীর দুই প্রান্তে চার শতাধিক নৌযান অপেক্ষমান থাকায় (বন্ধ করার পর) এবং শ্রমিক ও মালিকদের আন্দোলনের প্রস্তুতির গ্রহণের ফলে শেলা নদীতে সাময়িকভাবে নৌচলাচল শুরু হয়। জুনের মধ্যে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খনন কাজ শেষ হলে শেলা নদীতে নৌচলাচল বন্ধ করে দেওয়া হবে।”

পুরনো খবর:

শেলা নদীতে নৌ-চলাচল নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটির
শেলা নদীতে ফের নৌ চলাচল শুরু
সুন্দরবনে নৌচলাচল বন্ধ চায় জাতিসংঘ