২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেলা নদীতে ফের নৌ চলাচল শুরু

শ্রমিকদের হুমকির মধ্যে দুর্ঘটনায় তেল দূষণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া সুন্দরবনের শেলা নদী পথে ২৭ দিন পর পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 01:44 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

নৌযান চলাচলের জন্য খুলল শেলা নদী

শেলা নদী পথটি বন্ধ থাকায় বুধবার সকালে চালুর পরেই মংলা বন্দর ও শেলা নদীর আশেপাশে নৌযান জটের সৃষ্টি হয়। 

ফলে সকালে কেবল সুন্দরবনের শেলা নদীর মুখে আটকে পড়া নৌযানগুলোই মংলা বন্দরে ঢুকতে পেরেছে। মংলা বন্দরের পশুর নদীতে থাকা পণ্যবাহী নৌযানগুলো দেশের কোথাও ছেড়ে যেতে পারেনি। 

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের মংলা উপজেলা শাখার সভাপতি আনোয়ার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৭ দিনে মংলা বন্দরের পশুর নদীতে পাঁচশ’রও বেশি এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে শতাধিক নৌযান আটকা পড়ায় এই পথে তীব্র জটের সৃষ্টি হয়েছে।

“ফলে নদীপথের দুই দিক থেকে এক সঙ্গে নৌ চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”

তিনি জানান, এ কারণে সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে অবস্থান নেয়া শতাধিক নৌযানের মধ্যে ৬৫টি নৌযান মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে।

“মংলা বন্দরের পশুর নদীতে পণ্য নিয়ে অবস্থান করা নৌযানগুলো এখনো দেশের কোথাও ছেড়ে যেতে পারেনি। তবে বৃহস্পতিবার থেকে নৌযান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি,” বলেন আনোয়ার।

এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ঢাকায় সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর হুমকির পর বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মংলা বন্দরের যোগাযোগ স্থাপনকারী ওই নৌপথটি পুনরায় চালুর ঘোষণা দেয় সরকার।

গত ৯ ডিসেম্বর শেলা নদীতে একটি অয়েল ট্যাংকার ডুবে সাড়ে ৩ লাখ টন ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ার পর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দিয়ে নৌচলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

এরপর থেকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মধ্য দিয়ে বাণিজ্যিক নৌচলাচল পুরোপুরি বন্ধে জাতিসংঘ ও পরিবেশবিদদের দাবি জানিয়ে আসছিলেন।

তবে মঙ্গলবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শেলা নদী পথে রাতের বেলায় নৌযান চলাচল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেলবাহী ট্যাংকার চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

মঙ্গলবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নৌমন্ত্রী শাহজাহান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, নৌযানগুলোকে দিনের বেলায় সুন্দরবন এলাকা (বিশেষত শেলা নদী) অতিক্রম করতে হবে।

কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিনের বেলায়ও শেলা নদীতে নৌযান চলাচল করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, “সুন্দরবনের এই নৌপথটি পুনরায় চালু করে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।”

মংলা বন্দরের হারবার মাস্টার মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “মংলা বন্দরের লাইটারেজ জাহাজগুলো যাতে ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন করতে না পারে কোস্টগার্ড তা যাচাই করবে।

“তাদের যানের ফিটনেস আছে কি না তাও কোস্টগার্ড তদারকি করবে।”

তিনি জানান, মংলা বন্দরে সিমেন্ট তৈরির কাঁচামালবাহী চারটি, ইউরিয়া সারবাহী তিনটি এবং একটি কন্টেইনারবাহী জাহাজ অবস্থান করছে। বুধবার পণ্যবাহী আরও তিনটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে।