‘হস্তক্ষেপ নয়, সর্বোচ্চ স্বাধীনতা পাচ্ছে গণমাধ্যম’
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে বলে মুদ্রিত সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ অভিযোগ করলেও তা নাকচ করেছে তথ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, হস্তক্ষেপ নয়, বরং বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে দেশের গণমাধ্যম।
বুধবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে মন্ত্রণালয় এ কথা জানায়।
দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে মর্মে তৈরি একটি বিবৃতি মঙ্গলবার গণমাধ্যমে পাঠায় সম্পাদক পরিষদ; যদিও ওই বিবৃতি নিয়ে খোদ সম্পাদক পরিষদের মধ্যেই মতানৈক্য দেখা যায়।
সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে সংবাদপত্র ও জাতীয় প্রচার মাধ্যমের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করা কঠিন হয়ে পড়েছে।”
এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় বলছে, “সম্পাদক পরিষদের বিবৃতি বাস্তবতা বিবর্জিত, সত্যের অপলাপ, পক্ষপাতমূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
বর্তমান সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে মন্ত্রণালয় বলছে, বর্তমান সরকার বিশ্বাস করে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের সম্পূরক। তাই সরকার গণমাধ্যমকে সক্রিয়, উন্মুক্ত ও গতিশীল রাখতে সদাসচেষ্ট।
বাংলাদেশের গণমাধ্যম স্মরণকালের মধ্যে এখন সবচাইতে স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করে তথ্য মন্ত্রণালয়।
“গত ৬ বছর ২ মাসে সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপমূলক কোনো আইন প্রণয়ন করেনি। সংবাদপত্র বা ইলেক্ট্রনিক গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার মতো কোনো আইন এ মুহূর্তে দেশে নেই।”
“সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত বিভিন্ন রাজনৈতিক দল-মহল বা ব্যক্তির মালিকানাধীন সকল গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।”
“কোনো গণমাধ্যমের কোনো প্রকাশনা বা সম্প্রচার বিষয়ে সংসদ যদি আলোচনা বা সমালোচনা করে তা গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ নয়। রাষ্ট্রের সকল বিষয়ে আলোচনা করার অধিকার সংরক্ষণ করে সংসদ।”
তথ্য মন্ত্রণালয় বলছে, দেশ যখন গণমাধ্যমের অবাধ স্বাধীনতা ও সম্প্রসারমান যুগে প্রবেশ করেছে, তখন সম্পাদক পরিষদের নামে প্রদত্ত বিবৃতি দেশের সঠিক চিত্র প্রতিফলনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক।
“কোনো গণমাধ্যমের কোনো প্রকাশনা বা সম্প্রচার বিষয়ে সংসদ যদি আলোচনা বা সমালোচনা করে, তা গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ নয়। রাষ্ট্রের সকল বিষয়ে আলোচনা করার অধিকার সংরক্ষণ করে সংসদ।”
