বেনাপোলে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে কুপিয়েছে বিএসএফ
যশোরের বেনাপোলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত কিতাব আলীকে (৩৫) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিতাব বেনাপোলের পুটখালি পশ্চিমপাড়ার আয়তাল হকের ছেলে।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হক সাংবাদিকদের বলেন, বুধবার ভোররাতে বেনাপোলের পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
“ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় তারা তাকে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে যায়।”
পরে সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।
কিতাবের শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। স্বজনরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
