২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষির জমিতে স্থাপনা নয়: প্রধানমন্ত্রী

যত্রতত্র শিল্প কারখানা ও বাড়িঘর নির্মাণ বন্ধ করে ভূমির সঠিক ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 04:24 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় ভূমি ব্যবহার কমিটির প্রথম সভায় তিনি এই নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান।  

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ভূমির সঠিক ব্যবহার করে খাদ্য নিরাপত্তা ও উৎপাদন নিশ্চিত করতে হবে। সীমিত জায়গায় বিশাল জনগোষ্ঠীর উপকারের জন্য ভূমির পরিকল্পিত ব্যবহার করতে হবে।

“প্রধানমন্ত্রী বলেন, চাষযোগ্য জমিতে (তিন ফসলি ও দো ফসলি জমিতে) কোনো শিল্প প্রতিষ্ঠান, কোনো বাড়িঘর তৈরি করা যাবে না।”

নির্দিষ্ট শিল্পাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার এবং বনের জমিতে শিল্পাঞ্চল না করাও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সীমিত জায়গায় বিশাল জনগোষ্ঠীর বাসস্থানের জন্য পরিকল্পিতভাবে ভূমি ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।

“বাসস্থান অল্প জায়গার মধ্যে পরিকল্পিতভাবে করতে হবে। অল্প জমিতে অনেকের বাসস্থানের ব্যবস্থা করতে হবে।”

পরিকল্পিতভাবে নগরায়ন না হওয়ায় চাষযোগ্য জমি কমে যাওয়ার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।  

প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, অফিস ভবনগুলোও পরিকল্পিতভাবে করতে হবে। একটি মন্ত্রণালয়ের সবগুলো অফিস একই জায়গায় থাকতে হবে।”

প্রধানমন্ত্রী জমির সঠিক ব্যবহার দেখভাল করার জন্য একটি কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন; যে কর্তৃপক্ষ উপজেলা পর‌্যায় দেখভাল করবে।

সভার শুরুতেই ছয় বছর আগে বিডিআর বিদ্রোহের কথা স্মরণ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

সভায় বেশ কয়েকটি সিদ্ধান্তের কথাও জানান প্রেস সচিব।

এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে- কৃষিজমি যতটুকু সম্ভব কৃষিকাজে ব্যবহার করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির প্রকৃতিগত কোনো পরিবর্তন আনা যাবে না-এই বিধান কার্যকরভাবে প্রয়োগে রাজস্ব কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

গ্রামীণ অবকাঠামো বিশেষ করে পরিকল্পিত আবাসনের জন্যে ভিলেজ ইমপ্রুভমেন্ট অ্যাক্ট নামে একটি নতুন আইন করা, পরিকল্পিত নগরায়নের জন্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-১৯৫৩ ও সংশ্লিষ্ট আইন ও বিধি বিধান হালনাগাদ করে বাস্তবায়ন করা, সিটি করপোরেশন অথবা পৌরসভাসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার্য জমির একটা জোন ম্যাপ করা।

শহর ও গ্রামাঞ্চলে বহুতল ভবন নির্মাণকে উৎসাহিত করতে হবে, সড়ক, মহাসড়ক ও সংযোগকারী সড়ক নির্মাণের ক্ষেত্রে উর্বর কৃষিজমি যথাসম্ভব পরিহার করতে হবে, উদ্ধারকৃত জমি সরকার খাস জমি হিসেবে পুনঃগ্রহণ করবে।

জাতীয় ভূমি ব্যবহার কমিটির সভায় কমিটির সদস্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রী ও সচিবরা অংশ নেন।