একুশে মেলা ঘিরে প্রচ্ছদশিল্প
একুশের মেলা ভাঙতে আর দিন চার বাকি। এর মধ্যেই বের হয়ে গেছে তিন হাজারের বেশি নতুন বই। তবে ‘বেস্ট সেলার’ আর ‘পুনঃসংস্করণের’ মাতামাতিতে নজরকাড়া প্রচ্ছদের কারিগররাও পিছিয়ে নেই, আঁকিয়েদের প্রশংসা তাই মুখেমুখে।
কথা বলে জানা গেল, ধ্রুব এষ বা সব্যসাচী হাজরা বা চারু পিন্টু, মাসুক হেলালের মতো প্রতিষ্ঠিত প্রচ্ছদ শিল্পীরা নিজেদের মতোই আঁকতে পারলেও নতুনদের হাঁটতে হয় প্রকাশক বা লেখকের চাহিদা অনুযায়ী।
নিজেদের খেদ প্রকাশ করে তাই তারা বললেন, শিল্প নিয়ে চাপ মানা যায়, তবে এটা ‘চাহিদা’ নয়।
এবছর প্রায় শ’খানেক বইয়ের প্রচ্ছদ করা শিল্পী মোস্তাফিজ কারিগর একটু ‘বিরক্ত’ এই সৃষ্টিশীল কাজে হস্তক্ষেপে। বললেন, “লেখক-প্রকাশকরা শিল্পীদের কাজের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেন। এই বিষয়টা খারাপ লাগে। এক্ষেত্রে অনেক সময় কাজ ফেরতও দিই।”
মোস্তাফিজ কারিগর
কম্পিউটরের গ্রাফিক্স এড়িয়ে হালকা রঙের ব্যবহার ও সম্পূর্ণ রঙ-তুলির সাহায্যে প্রচ্ছদ আঁকার পক্ষপাতি মোস্তাফিজ কারিগর।
“কাইয়ূম স্যারের কাজে ইমেজের উপস্থিতি কম। ধ্রুবদাকেও বেশিরভাগ কাজ হাতেই করে বলে জানি। কলকাতার শিল্পীদেরকেও দেখেছি হাতের কাজে গুরুত্ব দিতে।”
এবারের বইমেলায় পাঁচ শতাধিক বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। নিজের বাসায় আঁকা-আঁকির অবসরে কথা হয় এই শিল্পীর সঙ্গে।
১৯৮৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ১০ হাজার বইয়ের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ।
কাইয়ূম চৌধুরী পরবর্তী সময়ে প্রচ্ছদ আঁকার জন্য খ্যাতি পাওয়া এই শিল্পী মনে করেন, “প্রচ্ছদ শিল্পে বাংলাদেশ এখন অনেক সমৃদ্ধ। নবীন-প্রবীণ শিল্পীদের কর্মগুলো অনেক বেশি বৈচিত্রময় এবং স্বকীয়।”
সোহেল আনাম
প্রচ্ছদ যে একটি বইয়ের গুরুত্বপূর্ণ অংশ তা বোঝা যায় মেলার তথ্য কেন্দ্র থেকে আসা নতুন বইয়ের ঘোষণায়। গল্পের নাম আর লেখকের পরিচিতি বলার পাশাপাশি ঘোষণাকারীরা বইটির প্রচ্ছদ শিল্পীর নামটি জানিয়ে দিতে ভুল করেন না।
এ বছর মেলায় আগত রুবাইয়াৎ আহমেদের উপাখ্যান ‘রঙমহাল’, অধ্যাপক আনিসুজ্জামানের স্মৃতিকথার বই ‘বিপুলা পৃথিবী’, সিরাজুল ইসলাম চৌধুরীর ‘সাম্প্রদায়িকতা, রাজনীতি ও জনগণের মুক্তি’সহ ৭০টি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সব্যসাচী হাজরা। শিশুদের আদর্শলিপি হিসেবে চিত্রলিপি নামে একটি বইও অংকন করেছেন তিনি।
হাজরার মতে, গত চারপাঁচ বছরে অনেক তরুণ শিল্পী অঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে, ভালো ভালো কাজ করে দেখাচ্ছে। এদের অনেকেই নিজস্ব স্টাইল দাঁড় করাতে পেরেছে বলে মনে করেন তিনি।
তবে মুদ্রণশিল্পের ক্রটির কারণে অনেক সময় অনেক সুন্দর প্রচ্ছদ সঠিকভাবে মেলায় আসে না বলে অভিযোগ করেন হাজরা।
চারু পিন্টু
দেশীয় এই শিল্পের বর্তমান অবস্থান নিয়ে অনেক আস্থাবান চারু পিন্টু।
শব্দশৈলী, ভাষাচিত্রসহ বিভিন্ন প্রকাশনার ৩০টির বেশির প্রচ্ছদ করেছেন আরেক তরুণ শিল্পী সোহেল আনাম। তরুণ লেখক অনন্য আজাদের ‘সতীত্ব বনাম বহুগামীতা’ বইয়ের প্রচ্ছদটি তার করা।
আঁকাআঁকি নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা না থাকলেও ইচ্ছা শক্তির জোরেই শিল্পসত্ত্বার বিকাশ ঘটানোর চেষ্টা করছেন সোহেল।
নিজস্ব শিল্পসত্তার জন্য খ্যাতিমান কাইয়ূম চৌধুরীর প্রয়ানের পর এ অঙ্গনের জ্যেষ্ঠতার স্থানে আছেন শিল্পী মর্তুজা বশির, হাশেম খান, রফিকুন্নবী (রনবী), সমর মজুমদার, অশোক কর্মকার, উত্তম সেন, ঢালী আল মামুন, আবুল বারাক আলভীরা।
সব্যসাচী হাজরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, প্রয়াত কাইয়ূম চৌধুরী স্যারের প্রচ্ছদ দেখে তার কাজকে চিহ্নত করা যেত। এখনকার শিল্পীদের মধ্যেও অনেকে আছেন যারা, অনেক বেশি ভালো কাজ করছে। এমনকি অনেক ক্ষেত্রে কাজ দেখে তরুণদের শিল্পীদের চেনাও যাচ্ছে।
প্রচ্ছদ শিল্পে খুটিনাটি সমস্যা রয়েছে উল্লেখ করে এই শিক্ষক বলেন, সবদিক থেকে যখন সচেতনতা শুরু হবে তখন এই সমস্যাগুলো থাকবে না।
