প্রান্তিক অঞ্চলের ইতিহাসও জানতে হবে: অমর্ত্য সেন
ভারতীয় উপমহাদেশের সামগ্রিক ইতিহাস জানার পাশাপাশি অবিভক্ত বাংলার প্রান্তিক অঞ্চলগুলোর ইতিহাসেও গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে মানিকগঞ্জ ও বিক্রমপুর অঞ্চলের স্থানীয় ইতিহাসনির্ভর দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “নানা অংশের ইতিহাস জানাটা খুবই দরকার। যেমন বাংলাদেশের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, একসঙ্গে মিলে অবিভক্ত বাংলার ইতিহাস, অবিভক্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাস সবগুলোই জানা দরকার।
“কিন্তু সেই চিন্তা কখনোই আমাদের মধ্যে সম্পূর্ণ হবে না যদি না প্রান্তিক অঞ্চলের দিকে আমরা নজর না দেই। এবং সেটা করতে যেটা দরকার যেমন এই নানা অংশের যেমন জেলা বা আগে যেগুলোকে বিভাগ বলা হতো এরকমই আমাদের সামনে তুলে ধরেছেন লেখক।”
তিনি বলেন, লেখকের এই কাজ শুধু জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি করছে তা নয়, ভবিষ্যতে সামগ্রিক বাংলাদেশ বা অবিভক্ত বাংলাকে বিচার করার সময়ও বড় খোরাক যোগাবে।
মো. আজহারুল ইসলামের লেখা ‘মানিকগঞ্জের শত মানিক’ এর দুই খণ্ড ও ‘বিক্রমপুরের ইতিহাস ও ব্যক্তিত্ব’ এর চার খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতও উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচনের পর অমর্ত্য সেন বক্তব্য দিতে মঞ্চে উঠলে আলোকচিত্র সাংবাদিক ও টিভি ক্যামেরাপার্সনরা মঞ্চে উঠে পড়েন। প্রকাশনা উৎসবের আয়োজক অনেককেও এ সময় অমর্ত্য সেনের ছবি তুলতে দেখা যায়।
দর্শকসারি বারবার তাদের সরে যেতে অনুরোধ জানানোর পরও কাজ না হওয়ায় বক্তব্য শুরু প্রায় এক মিনিট পর ‘ঘেরায়ে’র মধ্যে থাকা অমর্ত্য সেন বক্তব্য থামিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, “একটু সরে গেলে ভালো হয়। যদি পারেন তাহলে নেমে যান।”
বলে তিনি নিজেই এগিয়ে এসে মঞ্চে উঠা আলোকচিত্রী ও ক্যামেরাপার্সনদের নামিয়ে দেন।
এসময় দর্শক সারি থেকে তুমুল করতালি দিয়ে তার এ উদ্যোগকে স্বাগত জানানো হয়।
