‘দ্য ববস’ প্রতিযোগিতা শুরু
ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য ববস’-এর একাদশ আয়োজন শুরু হয়েছে।
চলতি বছর সমাজিক পরিবর্তন, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা এবং শিল্প ও সংবাদমাধ্যম – এই তিনটি বিভাগে জুরি অ্যাওয়ার্ড দেওয়া হবে।
পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান ডয়চে ভেলের পরিচালকমণ্ডলী দেবে ‘মত প্রকাশের স্বাধীনতা’ অ্যাওয়ার্ড৷
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে বলে ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জুরি এবং ইউজার প্রাইজ - উভয় পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে হবে এই সময়ের মধ্যে৷ প্রতিযোগিতায় অংশ নিতে মনোনয়ন জমা দেয়া যাবে http://thebobs.com/bengali/ ঠিকানায়৷
জুরিমণ্ডলী ১৪টি ভাষার প্রতিযোগীদের মধ্য থেকে তিনটি বিভাগে বিজয়ী নির্ধারণ করবেন৷ এক্ষেত্রে অনলাইনে ভোটাভুটির কোনো সুযোগ থাকছে না।
ভাষাভিত্তিক বিভাগগুলোতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে পাঠকদের ভোটে৷ ৯ এপ্রিল থেকে শুরু হবে অনলাইনে ভোটাভুটি।
সেরা ব্লগ ও অনলাইন অ্যাক্টিভিস্টের নাম আগামী ৩ জুন ঘোষণা করা হবে। আগামী ২৩ জুন জার্মানির বন শহরে গ্লোবাল মিডিয়া ফোরামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এবার দ্য বব্স প্রতিযোগিতার মূল দিকগুলোকে ঢেলে সাজিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ডয়চে ভেলে৷ এবার প্রথমবারের মতো ‘মত প্রকাশের স্বাধীনতা’ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
এমন এক ব্যক্তি বা প্রকল্পকে এ পুরস্কারটি দেওয়া হবে, যিনি বা যারা বাকস্বাধীনতা এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় এবং ইন্টারনেটে মুক্ত আলাপ-আলোচনাকে শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন৷
গত ১১ বছর ধরে ডয়চে ভেলে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সাহসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্যতিক্রমী বিভিন্ন প্রকল্পকে পুরস্কার দিচ্ছে৷
ডয়চে ভেলের মহাপরিচালক পেটাল লিমবুর্গ বলেন, “আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ডয়চে ভেলের মূল ইস্যুগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে৷ সেগুলো হচ্ছে বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার৷ এ বছর তিনটি মিশ্র বিভাগের ওপর গুরুত্ব দেওয়ার ফলে ‘গ্লোবাল অনলাইন কমিউনিটি’র বাইরেও বব্স-এর একটি দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।”
ডয়চে ভেলের এই আয়োজনে বাংলাদেশ থেকে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সামহয়্যার ইন ব্লগ এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
