২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় লঞ্চডুবি: আরও এক লাশ উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 09:31 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

পুরনো খবর:

পাটুরিয়ায় ৬৯ লাশ উদ্ধার, অভিযান সমাপ্ত

মঙ্গলবার সন্ধ্যায় সুবল চন্দ্র সুত্রধরের (৬০) লাশটি উদ্ধার করা হয়। সুবল মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ৭১টি লাশ উদ্ধার হলো।

শিবালয় উপজেলা কর্মকর্তা একেএম গালিব খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার পদ্মা নদীর মান্দ্রাখোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বর্তমানে মরদেহটি পাটুরিয়া লঞ্চ ঘাটে রয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এর আগে সোমবার দুপুর পর্যন্ত উদ্ধারকর্মীরা মোট ৭০ জনের লাশ উদ্ধার করেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। 

রোববার দুপুর ১২টার দিকে পাটুরিয়ার ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার ১০ মিনিটের মাথায় মাঝনদীতে দুর্ঘটনায় পড়ে এমএল মোস্তফা-৩ নামের লঞ্চটি।

নগরবাড়ী থেকে ঢাকাগামী কার্গো জাহাজ এমভি নার্গিস-১ লঞ্চটির মাঝামাঝি অংশে ধাক্কা দিলে ডান দিকে কাত হয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

লঞ্চডুবির পরপরই আশেপাশের লোকজন নৌকা ও ট্রলার নিয়ে উদ্ধারকাজ শুরু করে। এ সময় বেশ কিছু যাত্রী সাঁতরে অন্য লঞ্চ ও ট্রলারে উঠতে সক্ষম হন।

বিআইডিব্লিউএর টাগবোটের মাধ্যমে লঞ্চটির অবস্থান সনাক্ত করে রোববার বিকালেই দড়ি দিয়ে সেটি বেঁধে রাখা হয়। মাওয়া থেকে এসে উদ্ধারকারী জাহাজ রুস্তম রাত সোয়া ১১টার দিকে অভিযানে যোগ দেয় এবং ভোর সাড়ে ৪টার দিকে লঞ্চটিকে টেনে ঘাটের কাছে নিয়ে আসা হয়।

রাতভর উদ্ধার অভিযানের পর সোমবার সকাল পৌনে ৯টার দিনে লঞ্চটিকে টেনে সোজা করা হয় এবং উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে মানিকগঞ্জ জেলা প্রশাসন। ওইদিন দুপুরেও একটি লাশ পাওয়া যায়।