খাদ্য প্রক্রিয়াজাতে চীনের সহায়তা চাইলেন স্পিকার
খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বাংলাদেশকে সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং স্পিকারের সঙ্গে সাক্ষাত করতে আসলে শিরীন শারমিন এই আহ্বান জানান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্পিকার বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশীদার। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরো বৃদ্ধি করে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
স্পিকার রাষ্ট্রদূতকে খাদ্যশস্যের প্রক্রিয়াজাতকরণকে আরও উন্নত করে এ শিল্পকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখার আহবান জানান।
স্পিকার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা। শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমিয়ে এনে দেশের সামগ্রিক উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে।
ভবিষ্যতেও চীন ব্রিজ, রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এছাড়া বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও শিক্ষার উপকরণ সরবরাহের পাশাপাশি শিক্ষাবিস্তারেও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন।
চীনের রাষ্ট্রদূত রপ্তানি বাণিজ্যসহ সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির অশা ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
