ফরিদপুরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
ফরিদপুর সদর উপজেলায় এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত সোলায়মান মোল্লা (১০) উপজেলার পরমানন্দপুর গ্রামের আফসার মোল্লার ছেলে। সে পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় জড়িত সন্দেহে চাচাতো ভাই সুমন মোল্লাকে (১৭) আটক করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল ফারুক রানা জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে পরমানন্দপুর গ্রামের করিম মোল্লার গম ক্ষেত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে এসআই রানা জানান, সোমবার বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সোলায়মান। পরিবারের সদস্যরা সারারাত খুঁজে পায়নি তাকে।
মঙ্গলবার বিকালে বাড়ির পাশে করিম মোল্লার গম ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
মৃতের দুই কানের নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই রানা।
