স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা হলো না আবুল হোসেনের
কয়েকদিন পরই দেশে এসে বাড়ির কাজ করার কথা ছিল আবুল হোসেনের। কিন্তু জীবিত অবস্থায় তার আর বাড়ি ফেরা হলো না।
বৃদ্ধা মা, স্ত্রী-সন্তানসহ স্বজনদের সঙ্গে আর দেখা হলো না সৌদি আরবে আগুনে পুড়ে নিহত এই প্রবাসীর।
আবুল হোসেন চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামের প্রয়াত মো. লোকমান হোসেন মোল্লার ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
সৌদি আরবের দাম্মাম শহরে সোফার কারখানায় সোমবার ভোরে আগুনে পুড়ে মারা যান আবুল হোসেন মোল্লা। তিনি ওই কারখানায় চাকরি করতেন।
আবুল হোসেনের বাড়ি গিয়ে দেখা যায়, স্ত্রী আয়েশা আক্তার কান্না করতে করতে বার বার মুর্ছা যাচ্ছেন।
আয়েশা আক্তার জানান, আবুল হোসেনের সঙ্গে গত ২২ ফেব্রুয়ারি সর্বশেষ কথা হয় তাদের।
ওই সময় তিনি জানিয়েছিলেন, আগামী এক মাসের মধ্যে বাড়ি আসবেন এবং ঘরের কাজ শুরু করবেন।
ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ৯০ বছরের বৃদ্ধা আমেরেন্নেছা। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন আর চোখের পানি ফেলছেন।
আবুল হোসেনের ছোট ভাই সাদেক হোসেন মোল্লা ভাইয়ের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানান।
তিনি তার ভাইয়ের সন্তানদের সহায়তারও আবেদন জানান সরকারের প্রতি।
সাদেক হোসেন মোল্লা জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে আবুল হোসেন বাড়ি এসেছিলেন। প্রায় ১৩ বছর যাবত আবুল হোসেন সৌদি আরবে চাকরি করছেন।
সৌদি তার আরও দুভাই চাকরি করেন বলেও জানান তিনি।
আবুল হোসেনের ছেলে মো. মাসুদ মোল্লা মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণি ও মেয়ে তানজিনা আক্তার একই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করছে।
